জাতীয় সড়কের ধারে চালের দোকানে ঢুকে ব্যবসায়ীকে বন্দুক দেখিয়ে নগদ টাকা লুঠ - The News Lion

জাতীয় সড়কের ধারে চালের দোকানে ঢুকে ব্যবসায়ীকে বন্দুক দেখিয়ে নগদ টাকা লুঠ




দি নিউজ লায়ন ;  জাতীয় সড়কের ধারে প্রকাশ্যে দোকানে ঢুকে বন্দুক ঠেকিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে নগদ টাকা লুঠ করে চম্পট দিল দুই দুষ্কৃতি।  সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বাঁকুড়া সদর থানার কাঞ্চনপুর বাজারে।  তদন্তে নেমেছে বাঁকুড়া সদর থানার পুলিশ। 


স্থানীয় সূত্রে জানা গেছে ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে  চালের আড়ৎ রয়েছে স্থানীয় ব্যবসায়ী তাপস রানার। সোমবার সন্ধ্যায় আড়ত বন্ধের আগে দোকানের কর্মচারীদের নিয়ে যখন সারাদিনের বিক্রিবাটার হিসাব করছিলেন তাপস রানা তখন বাইকে করে দুজন এসে দাঁড়ায় দোকানের সামনে।  বাইক থামিয়ে তারা সটান আড়তে প্রবেশ করে দোকানের দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়।  এরপর দুজনই বন্দুক দেখিয়ে দোকানের ক্যাশ বাক্স ভেঙে নগদ টাকা নিয়ে নেয়। 


তাপস রানার হাতে থাকা নগদ টাকাও নিয়ে নেয় দুষ্কৃতিরা। বাধা দিতে গেলে ওই ব্যবসায়ীকে দুষ্কৃতিরা মারধর করে বলেও অভিযোগ। এরপর চম্পট দেয় তারা। ব্যবসায়ীর দাবি মোট ছাব্বিশ হাজার টাকা লুঠ করে নিয়ে গিয়েছে দুষ্কৃতিরা। এদিকে  ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় বাঁকুড়া সদর থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হয় ওই ব্যবসায়ীকে। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.